টাকসুর মাঠ গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে সাভারের বাইপাইল বাসস্ট্যান্ডে আকস্মিক পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। এসময় যাত্রীদের সঙ্গে কথা বলে পরিবহন ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
বাসভবন থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় রওনা হয়ে সকাল সাড়ে ১১টায় বাইপাইল বাসস্ট্যান্ড-এ পৌঁছান জেলা প্রশাসক। তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিবহন সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেন। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।
পরে দুপুর সাড়ে ১২টায় তিনি টাকসুর মাঠ গরুর হাট পরিদর্শন করেন। সেখানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এরপর রেডিও কলোনি পশুর হাট-ও পরিদর্শন করেন তিনি। একই দিনে কেরানীগঞ্জের সুলতানী হাটেও যান জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ফরিদা খানম বলেন, “ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। কোনো পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গরুর হাট ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে”।
ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে”।