নবদম্পতিকে দেখে নিজ থেকেই থেমে যান প্রধানমন্ত্রী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
গুলশানে এক নবদম্পতির ফটোসেশনের সময় ঘটে গেল এক ব্যতিক্রমধর্মী ঘটনা। ফটোসেশনের মাঝে হঠাৎ করেই তাদের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। অপ্রত্যাশিত এই সাক্ষাৎ মুহূর্তেই আনন্দ আর বিস্ময়ে ভরে তোলে নবদম্পতিকে।
নতুন এ যুগলের সাথে ছবি তোলেন প্রধানমন্ত্রী, জানান নতুন জীবনের শুভেচ্ছাও।
বিয়ের পর ফটোশুটের জন্য গত মঙ্গলবার মূলত বসুন্ধরা এলাকার দিকে যাওয়ার পরিকল্পনা ছিল ওই দম্পতির। তবে সময় স্বল্পতার কারণে পরে তারা গুলশানের একটি সড়কে ছবি তুলতে শুরু করেন। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বাসভবন থেকে দলীয় কার্যালয়ের দিকে হেঁটে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবদম্পতিকে দেখে প্রধানমন্ত্রী নিজ থেকেই থেমে যান। মুখে ছিল পরিচিত মুচকি হাসি। তিনি এগিয়ে এসে ইংরেজিতে জানতে চান, “Newly married couple?” এরপর নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানান এবং বরের সঙ্গে করমর্দন করেন।
নববধূ পরে এক ফেসবুক পোস্টে বলেন, “আমরা তো মজা করেই বলছিলাম- যদি হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায়! কিন্তু সত্যি সত্যিই এমন কিছু হবে, সেটা কল্পনাও করিনি”।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, পুরো মুহূর্তটিই ছিল অত্যন্ত আন্তরিক ও মানবিক। একজন দেশের প্রধানমন্ত্রী হয়েও সাধারণ মানুষের আনন্দঘন মুহূর্তে থেমে শুভেচ্ছা জানানোর বিষয়টি উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
পরে নবদম্পতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসিমুখে ছবিও তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে “ভালোবাসা ও মানবিকতার সুন্দর উদাহরণ” হিসেবে উল্লেখ করছেন। অনেকেই বলছেন, দেশের প্রধানমন্ত্রীর এমন আন্তরিক ব্যবহার আসলেই মুগ্ধ করে।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সেই নববধূ ফেসবুকে লিখেছেন, “সরকারপ্রধান হিসাবে তারেক রহমানের অনেক দোষ-গুণ থাকতে পারে, তবে ব্যক্তি হিসাবে তিনি একজন সত্যিকারের gentleman. Thanks Tarique Rahman sir, for making our day extra special”