ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬ ১৪:৫৪ পিএম
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বুধবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশে কৃষিজমি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, কৃষিজমি নষ্ট করে কোনও স্থাপনা করা হবে না।
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বুধবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। উন্নয়ন কাজ করতে হলেও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।
তিনি বলেন, আমরা কৃষিজমি নষ্ট করে কোনও স্থাপনা করতে চাই না। সবদিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।
পরে তিনি সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।