বাসস
প্রকাশ : ২৬ মে ২০২৬ ২৩:৫৫ পিএম
আপডেট : ২৬ মে ২০২৬ ২৩:৫৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের 'ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার' পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের 'ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার' পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে মঙ্গলবার সকালে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের সেন্ট্রাল মনিটরিং সেল সবসময় কার্যকর থাকলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের সাতদিন আগে থেকে সাতদিন পর পর্যন্ত এটিকে বিশেষভাবে শক্তিশালী ও কার্যকর করা হয়েছে।
তিনি বলেন, পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে দেশের সকল মহাসড়ক, পশুর হাট এবং যমুনা ও পদ্মা ব্রিজসহ সকল এক্সপ্রেসওয়ে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে। মহাসড়কের যে সমস্ত অংশে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দিয়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে।
বিগত সময়ের তুলনায় এবার সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেক কম উল্লেখ করে মন্ত্রী বলেন, মূলত অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে। নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, অনুমোদিত পশুর হাটের বাইরে যেন কোনো অবৈধ হাট বসতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। সম্প্রতি মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে বসা একটি অবৈধ হাট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া হাটে জাল নোটের ব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে বাণিজ্যিক ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গড়ে তোলার যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল, তা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণে অস্ত্রসহ দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।