উপজেলার আজিমনগর রেলস্টেশনে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি করবে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের লালপুর উপজেলাবাসীর বহুদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মঙ্গলবার থেকে উপজেলার আজিমনগর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি করবে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ২৬ মে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়ে আজিমনগর স্টেশনে পৌঁছাবেন। তাকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।
লালপুরবাসীর কাছে এটি শুধু একটি ট্রেনের স্টপেজ নয়, এটি আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক গর্বের অর্জন। কারণ, একসময় সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল লালপুরবাসীর জন্য চালু করেছিলেন লালমনি এক্সপ্রেসের যাত্রাবিরতি। আর এবার তারই কন্যা, প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এনে দিলেন চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ।
স্থানীয়দের ভাষ্য, আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে লালপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময় ও ভোগান্তি দুটোই কমাবে।
ইতোমধ্যে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি উপলক্ষে নতুন সাজে সজ্জিত করা হয়েছে আজিমনগর রেলস্টেশন। পুরো স্টেশনে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও প্রস্তুতির কাজ। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের আগমন উপলক্ষে আজিমনগর স্টেশন পরিদর্শন করেন মো. বরকতউল্লাহ, মো. আবির হোসেন, মো. হারুনার রশিদ (পাপ্পু), মো. নজরুল ইসলাম মোলাম এবং মো. আব্দুল আজিজ রনজুসহ স্থানীয় নেতারা।
এর আগে, গত ২০ মে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়।
দপ্তরাদেশে স্বাক্ষর করেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।