প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ ১৯:২৯ পিএম
ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে, খালের পানিতে চাষের ফলে মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরে আসবে।
ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী খালখনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল যাচ্ছেন।
জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এ খালখননের সূচনা করেন। প্রধানমন্ত্রী খালপাড়ে একটি তালগাছ রোপণ করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এ এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।