পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ১২:৫২ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি
রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ডিএমপি কমিশনারকে বৃহস্পতিবার আইনমন্ত্রী এই নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস ঘটনার বিচারকাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা বুধবার আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। একই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তার স্ত্রী স্বপ্না আক্তারও। তদন্তকারীদের দাবি, স্বপ্না আক্তার তার স্বামীকে এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে, পরে পালাতেও সাহায্য করেছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই অহিদুজ্জামানের আবেদনের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডও আবেদন করেছে।
এর আগে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি বহুতল ভবনে এই হত্যাকাণ্ড ঘটে।