প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মে ২০২৬ ২০:১৪ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬ ২২:৩৯ পিএম
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: বাসস
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জলবায়ু পরিবর্তন দেশের জন্য বড় হুমকি। প্রতিনিয়ত ঝড় দুর্যোগ মোকাবিলা করে উপকূলের মানুষকে টিকে থাকতে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার আয়োজিত ‘সরকারের নির্বাচনি ইশতেহার চ্যালেঞ্জ ও বাস্তবায়ন বিষয়ে পিপলস ম্যান্ডেট: সিটিজেন ডায়ালগ অন ম্যানিফেস্টু টু অ্যাকশন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদমন্ত্রী বলেন, নদ-নদী খাল বিল যুগের পর যুগ খনন না করায় দখল দূষণ বেড়েছে। এসব দখল দূষণের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মী কিংবা নাম ব্যবহার করে থাকে। এই দখল দূষণ বন্ধ করতেই সরকার খাল খনন করা হচ্ছে।
তিনি জানান, মানুষ নদী ভাঙনে জমি ও বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে। সরকার উদ্বাস্তুদের জীবন জীবিকা নিশ্চিত করতেও কাজ করছে।
তরুণদের উদ্দ্যেশে মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম ও ছাত্রদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।।
অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে। নারীদের স্বাবলম্বী করতে এরইমধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে।
তিনি বলেন, ঢাকার খাল বিল নদী দূষণ বন্ধে বাসা মালিকদের সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নগরের সেবা নিশ্চিত করতে হলে স্থানীয় সরকারের ধারা পরিবর্তন করে সিটি গভার্নেন্স নিয়ে ভাবনার সময় এসেছে। তবে আগামী চার বছরের মধ্যে সরকার তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানান তিনি।
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দীন টুকু বলেন, শিল্প প্রতিষ্ঠানের দূষণে নদী দূষণ বাড়ছে। এতে মাছের উৎপাদনে প্রভাব পড়ছে। ইলিশ উৎপাদনেও প্রভাব পড়ছে। নির্বাচনি ইশতেহারে মৎস্য উৎপাদনের যে পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।