× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা ও জেন্ডার বাজেটে বরাদ্দ কমছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৯:৫১ পিএম

ঢাকার সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত ভবিষ্যতে বিনিয়োগের সময় এখনই: নারী, তরুণ ও জলবায়ু সুরক্ষায় জনবান্ধব বাজেট শীর্ষক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত ভবিষ্যতে বিনিয়োগের সময় এখনই: নারী, তরুণ ও জলবায়ু সুরক্ষায় জনবান্ধব বাজেট শীর্ষক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে গত পাঁচ বছরে শিক্ষা ও জেন্ডার বাজেটে বরাদ্দের হার জিডিপির তুলনায় ধারাবাহিকভাবে কমছে। শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ২.০৮ শতাংশ থেকে কমে বর্তমানে ১.৭২ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে ৪৪টি মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট প্রাতিষ্ঠানিক রূপ পেলেও এর আকার জিডিপির ৫.৭ শতাংশ থেকে সংকুচিত হয়ে ৪.২ শতাংশে নেমে এসেছে।

ঢাকার সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত ভবিষ্যতে বিনিয়োগের সময় এখনই: নারী, তরুণ ও জলবায়ু সুরক্ষায় জনবান্ধব বাজেট শীর্ষক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে অর্থনীতিবিদ, গবেষক, জলবায়ু বিশেষজ্ঞ এবং সরকারি নীতি-নির্ধারকরা অংশ নেন।

একশনএইডের পরিসংখ্যান অনুযায়ী, নারীদের প্রত্যক্ষ সেবা ও নিরাপত্তা সংশ্লিষ্ট উপখাতগুলোতে গত এক বছরে বরাদ্দ হ্রাস পাওয়ায় তৃণমূল পর্যায়ে সহিংসতা প্রতিরোধ ও আইনি সহায়তার মতো কার্যক্রমগুলো প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের মুখে পড়ছে। অন্যদিকে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ মাত্র ২.৮৯ শতাংশ।

সেমিনারে প্রত্যাশা করা হয়, নতুন সরকার প্রথমবারের মতো ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে যা সরকারেরর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি সুযোগ। সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, যুবদের দক্ষতা উন্নয়ন, জেন্ডারসমতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম উদ্যোগ হতে যাচ্ছে এই বাজেট। তবে সামগ্রিক অর্থনীতিতে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাপ, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জলবায়ুজনিত সংকটের মুখে দেশের প্রান্তিক জনগোষ্ঠী— বিশেষ করে নারী, যুবদের ও জলবাযু পরিবর্নের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য টেকসই সুরক্ষাকবচ তৈরি করা এখন সময়ের দাবি। নীতিনির্ধারণী পর্যায়ের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে মাঠপর্যায়ের চাহিদার সুষম সমন্বয় ঘটিয়ে একটি জনবান্ধব ও ভবিষ্যতমুখী সামষ্টিক অর্থনৈতিক রূপরেখা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে বলে দাবি করা হয়।

সরকারের নীতিনির্ধারণে এখন ‘মানুষকেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, আগের তুলনায় এখন নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ অনেক বাড়ছে। 

জলবায়ু ও উন্নয়ন অঙ্গীকারগুলোর ক্ষেত্রে নির্বাচনি ইশতেহার থেকে বাস্তব রূপান্তর এখন স্পষ্ট দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, “জলবায়ু অর্থায়ন, ঋণ, আন্তর্জাতিক তহবিল এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়কে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে”।

সবুজ উদ্যোগের জন্য প্রণোদনার বিষয়ে সম্মত হয়ে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোছাদ্দেক জানান, সরকারের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৈষম্য হ্রাস। ইতোমধ্যে ১৫টি খাতে ক্লাইমেট জাস্টিস যুক্ত করা হয়েছে এবং স্বচ্ছতা বাড়াতে ১০০ শতাংশ ডিজিটাল রিয়েল-টাইম ড্যাশবোর্ড চালু করা হয়েছে।

দক্ষতা ও রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন অধরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, শুধু জিডিপি বরাদ্দ বাড়ালেই হবে না। তরুণরা যদি শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানে যুক্ত হতে না পারে, তবে উন্নয়নের সুফল মিলবে না। 

জেন্ডার বাজেট কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি নারীদের শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগকে ঝুঁকিতে ফেলবে। ‘গ্লাস সিলিং’ ভাঙতে নারী প্রার্থীদের নির্বাচনি ব্যয়ে রাষ্ট্রীয় সহায়তার মতো বৈপ্লবিক পদক্ষেপের পরামর্শ দেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন জানান, যুব উন্নয়ন বাজেট এখন ‘বছরব্যাপী কর্মসূচি’ হিসেবে কাজ করছে। তরুণদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত এসএমই ঋণ ও আউটসোর্সিংয়ে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে বাজেট প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করার ওপর জোর দেন তিনি।

জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদ এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে বলেন, গত এক দশকে প্রায় ২৫টি মন্ত্রণালয় জলবায়ু কার্যক্রমে যুক্ত হলেও গড় বাস্তবায়ন সক্ষমতা মাত্র ৭ শতাংশ। দুর্বল জবাবদিহিতার কারণে জলবায়ু ঝুঁকি কমছে না উল্লেখ করে তিনি শক্তিশালী মনিটরিং ব্যবস্থার দাবি জানান।

নারী কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে মোসাম্মৎ নীপা আক্তার বলেন, সরকার উন্নতমানের বীজ বরাদ্দ দিলেও মাঠপর্যায়ে নারীরা তা যথাযথভাবে পাচ্ছেন না। নারী কৃষকদের স্বাবলম্বী করতে এবং দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বাড়াতে এই বৈষম্য দূর করা জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা