কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ১০:৪৫ এএম
আপডেট : ১৮ মে ২০২৬ ১১:০২ এএম
সোহাগী জাহান তনু। ছবি: সংগৃহীত
২০১৬ সালের বহুল আলোচিত তনু হত্যাকাণ্ডের ৯ বছর পর আরও এক ব্যাক্তির রক্তের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
গত এক মাস আগে ল্যাব পরীক্ষায় তনুর পোশাকে এই রক্তের অস্তিত্ব শনাক্ত হলেও বিষয়টি রবিবার রাতে সামনে আসে।
এর আগে ২০১৭ সালে একই পোশাকে তিনজনের শুক্রাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত ব্যুরোর পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, কয়েক মাস আগে তিনি সিআইডিকে চিঠি দিয়ে নমুনা পুনরায় যাচাইয়ের অনুরোধ জানান। পরে তাকে এক মাস আগে জানানো হয়, পোশাকে নতুন করে একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে।
তিনি আরও জানান, ২০১৭ সালে পাওয়া তিনজনের শুক্রাণুর পাশাপাশি নতুন এই আলামত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের পাশে জঙ্গলে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্তেও রহস্য উদঘাটন হয়নি।
পরবর্তীতে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও সিআইডির পর ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে একাধিক তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন।