প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:৫০ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ২১:৫১ পিএম
বৈঠকে প্রফেসর ড. আকরাম আলীর সদ্য প্রকাশিত গ্রন্থ “July Revolution: And Its Aftermath Politics” হাইকমিশনারকে উপহার হিসেবে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমানের সঙ্গে বৈঠক করেছেন বিশিষ্ট কলামিস্ট, সমাজসেবক ও রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
ব্রুনাই হাইকমিশনে রবিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক বৈঠকের পর এক চিঠির মাধ্যমে ইঞ্জিনিয়ার রেজাউল করিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রুনাই হাইকমিশনার।
ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমকে সম্বোধন করে পাঠানো এক আধিকারিক বার্তায় হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান বলেন, “ঢাকাস্থ ব্রুনাই হাই কমিশনে আপনার এবং প্রখ্যাত ইতিহাসবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী লেফট্যানেন্ট কর্নেল (অব.) প্রফেসর ড. আকরাম আলীর সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক উন্নয়ন এবং ব্রুনাই-বাংলাদেশ সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অত্যন্ত অর্থপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে”।
বৈঠকে ব্রুনাই হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আবদুল্লাহর অংশগ্রহণের প্রশংসা করায় ইঞ্জিনিয়ার করিমকে ধন্যবাদ জানান তিনি।
হাইকমিশনার তার চিঠিতে বলেন, “দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার মূল ভিত্তি হিসেবে মানবসম্পদ উন্নয়ন, বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনাটি অত্যন্ত সময়োপযোগী এবং উৎসাহব্যঞ্জক ছিল”।
বৈঠকে প্রফেসর ড. আকরাম আলীর সদ্য প্রকাশিত গ্রন্থ “July Revolution: And Its Aftermath Politics” হাইকমিশনারকে উপহার হিসেবে দেওয়া হয়।
উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হাইকমিশনার বলেন, “বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিবর্তন এবং সামগ্রিক উন্নয়ন সম্পর্কে আরও বিশদ ধারণা পেতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমি আগ্রহের সাথে এটি পাঠ করব”।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (CHRHD) এবং ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের (DRC) চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের দেশীয় ও আন্তর্জাতিক স্তরে গবেষণা, পারস্পরিক সংলাপ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবসম্পদ উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার।
চিঠির শেষাংশে হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং আগামী দিনে ব্রুনাই দারুসসালাম ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।