বাসস
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:৪২ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ২১:৪৪ পিএম
ঢাকার সিরডাপ মিলনায়তনে রবিবার গুমসংক্রান্ত আইন প্রণয়নে আয়োজিত সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: বাসস
গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এখানে অনেক বিষয় চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে। হুট করে এমন কোনো আইন প্রণয়ন করা হবে না, যেটা অপরাধীকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে লাভবান করবে।
ঢাকার সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুমসংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক অংশীজন সভায় সভাপতির বক্তব্যে তিনি রবিবার এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে যথাযথ ও যথেষ্ট আলোচনা করার পর সিদ্ধান্ত নিতে চাচ্ছি। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী আইন করা হলে, যদি সেটা কাজেই না লাগে এবং অপরাধী যদি পার পেয়ে যায় বা উপকৃত হয়, তবে সে আইনের কোনো প্রয়োজন নেই।
তিনি বলেন, গুমের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। এখানে বিবেচনার বহু বিষয় রয়েছে, যা অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে উঠে আসবে।
মন্ত্রী বলেন, তবে আপনারা নিশ্চিত থাকুন, বাংলাদেশে গুম যেন কখনোই ফিরে আসতে না পারে-এমন একটি আইন প্রণয়ন করা হবে।