প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:১২ পিএম
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: বাসস
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রবিবার এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৬ মার্চ তিনি সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান এবং ২৫ মার্চ দায়িত্ব নেন।
মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে দায়িত্ব পালনের আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর মিশনে পুলিশ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ডিএমপির সাবেক কমিশনার শেখ সাজাদ আলী পদত্যাগ করার পর গত দুই মাস ধরে ডিএমপি কমিশনারের পদটি শূন্য ছিল। ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার গত ১৪ মে অবসরে যাওয়ায় নতুন কমিশনার নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।