প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৩:৫৫ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ১৫:২৪ পিএম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বপালনকারী এই নেতার জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নামাজে ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।
জানাজায় দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রিপরিষদের সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।
জানাজা শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
পরে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য এবং অন্যান্য নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ দেখা যায়।
এর আগে গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।