প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ ২২:০৫ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬ ২২:২৬ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার মোহাম্মদপুরের সলিম উল্লাহ রোড এলাকার একটি বাসা থেকে শনিবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
একই মামলায় বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে উঠে আসে, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে সংঘর্ষ ও পুলিশি অভিযানের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গন ও শিক্ষাঙ্গনে গভীর প্রতিক্রিয়া তৈরি করে।
পরবর্তীতে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাবেক ভিসি ড. হাসিবুর রশীদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।