× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী চাঁদপুর ও কুমিল্লা সফরে যাচ্ছেন আজ

চাঁদপুর ও কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ০৮:২২ এএম

আপডেট : ১৬ মে ২০২৬ ০৮:২৯ এএম

তারেক রহমান। ফাইল ছবি

তারেক রহমান। ফাইল ছবি

দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা। এ ছাড়া দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল ও সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকালে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসমাবেশে বক্তব্য দেবেন। পরে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী চাঁদপুর সফর শেষ করার কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর জ্বালাও-পোড়াও আন্দোলনের ত্যাগ-তিতিক্ষা মিটাতে ও প্রিয় নেতাকে দেখতে অধীর আগ্রহে প্রহর গুনছেন জেলার লাখ লাখ নেতাকর্মী। প্রিয় নেতার কাছে উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক কাঠোমোতে ত্যাগীদের মূল্যায়ন ও স্থানীয় নির্বাচনগুলোয় নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানাবেন তারা। সরকারি এই সফরে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব প্রস্তুতি শেষ করেছেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরবাসীর পক্ষে জেলায় একটি ইপিজেড স্থাপন, মেঘনা পাড়ের ৬০ কিলোমিটারে স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল এবং চলমান উন্নয়নকাজ অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে চাঁদপুরে একটি ইপিজেড স্থাপনের। আশা করি তিনি এটি করে দেবেন। এটি বাস্তবায়ন হলে জেলার কমপক্ষে দেড় লাখ লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন কেন্দ্র করে কুমিল্লা বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় এক পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এদিন বেলা ১১টায় বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে তার যাত্রাবিরতির কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ পড়েছে। ভাঙা সড়ক মেরামত করা হয়েছে। এখন চলছে মঞ্চ সাজানোর কাজ। 

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, এই মাঠে প্রধানমন্ত্রী দলের পক্ষ থেকে ২০০১ সালে এসেছিলেন। এবার আসছেন দেশের প্রধান হয়ে। তার আগমন কেন্দ্র করে কুমিল্লায় উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লার আর্থসামাজিক উন্নয়নের ঘোষণা দেবেন।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সভাস্থল পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গে বৈঠকও হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

অন্যদিকে তারেক রহমানের আগম উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল জুমার নামাজ শেষে এই মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা