প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ ২০:৩৯ পিএম
কমিটিতে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা ও সংবাদ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঐক্য জোরদার করতে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সভায় মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়।
সভায় প্রস্তাবিত কাউন্সিলের গঠনতন্ত্র এবং লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনের পর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করা হয়েছে।
সদস্য হিসেবে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইনের নির্বাহী সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ।
দেশের ২৪টি টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকরা সভায় অংশ নেন।
সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় নেতৃত্বের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি বলে জানান সভার বক্তারা।
তারা আশা প্রকাশ করেন, টেলিভিশন এডিটরস কাউন্সিল পেশাগত উৎকর্ষ, সাংবাদিকতার নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। আহ্বায়ক কমিটি জানায়, শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।