প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ ২০:০৭ পিএম
নির্বাচন ভবন। ছবি: বাংলাদেশ নির্বাচন কমিশন
হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক।
নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখার মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত এক তালিকায় বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়।
ঘোষিত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
ইসি জানায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী এই নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ার ফলে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।
হালনাগাদ চূড়ান্ত তালিকায় উল্লেখ করা হয়, দেশে বর্তমানে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।
নতুন প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।