প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ ২১:৩০ পিএম
জুবাইদা রহমানের নির্দেশে পর বুধবার বিকাল সাড়ে ৫টায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হামে আক্রান্ত ছয় মাস বয়সী নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস-প্রেসিডেন্ট ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান।
‘হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন’ শীর্ষক একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হলে ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়। পরে অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসা এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে।
জুবাইদা রহমানের নির্দেশে পর বুধবার বিকাল সাড়ে ৫টায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে। সেখানে সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়।
শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান।
প্রসঙ্গত, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগা শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে। এছাড়া শিশুটির মা স্বর্ণা আক্তার চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলার মধ্যে একাই সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালের খরচ বহন করতে না পেরে তিনি প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে আসেন। এমনকি চিকিৎসার মাঝপথে অর্থাভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও ফিরে যেতে বাধ্য হন।