সচিবালয়ে বুধবার অনুষ্ঠিত একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯টি প্রকল্প অনুমোদন পায়। ছবি: পিএমও
পদ্মা ব্যারেজসহ মোট ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে বুধবার অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন রয়েছে তিনটি, সংশোধিত পাঁচটি এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন) এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট কেন্দ্রে উন্নীতকরণ বা পুনর্নির্মাণ (প্রথম ফেইজ) প্রকল্প অনুমোদন পেয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন) প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ বা পুনঃনির্মাণ (২য় সংশোধন) প্রকল্প অনুমোদন পেয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪টি এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত) প্রকল্প অনুমোদন করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) প্রকল্পও অনুমোদিত হয়েছে।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ (১ম সংশোধন) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
একনেক বৈঠকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের দুটি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়। এগুলো হলো- ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।