গোয়াংজু ডেমোক্রেসি ফোরাম
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ ০৯:০৯ এএম
আপডেট : ১৩ মে ২০২৬ ০৯:১১ এএম
গোয়াংজু ডেমোক্রেসি ফোরামে বক্তব্য দিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন এনসিপি নেতা সালেহ উদ্দিন সিফাত। ছবি: সালেহ উদ্দিন সিফাতের ফেসবুক পেজ থেকে
দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক ‘গোয়াংজু ডেমোক্রেসি ফোরাম-২০২৬’-এ স্পিকার হিসেবে যোগ দিচ্ছেন এনসিপি নেতা সালেহ উদ্দিন সিফাত।
আগামী ১৮ মে গোয়াংজু শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই গণতান্ত্রিক আয়োজন।
ঐতিহাসিক ‘মে ১৮ ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে ফোরামে অংশ নিচ্ছেন তিনি।
ওই মঞ্চে তিনি বাংলাদেশের তরুণদের রাজনৈতিক জাগরণ ও গণঅভ্যুত্থানের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন।
এবারের ফোরামে অংশ নেবে বাংলাদেশসহ ছয়টি দেশের তরুণ রাজনৈতিক নেতৃত্ব।
নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার ও মেক্সিকোর প্রতিনিধিরাও বক্তব্য দেবেন।
ফোরামে সিফাতের আলোচনার বিষয় রাখা হয়েছে ‘তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান: একটি প্রজন্মগত জাগরণ’।
তিনি তুলে ধরবেন নতুন প্রজন্মের রাজনৈতিক অবস্থান ও আন্দোলনের রূপান্তরের গল্প।
প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে এসে কীভাবে তরুণরা নতুন ধারা তৈরি করেছে সেটিও উঠে আসবে তার বক্তব্যে বলেও জানানো হয়েছে।
পাশাপাশি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের বিষয়ও গুরুত্ব পাবে আলোচনায়।
আরও জানানো হয়েছে, মানবাধিকার, বিচারিক সংস্কার ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে নিজের রাজনৈতিক ভাবনাও তুলে ধরার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতায় তরুণ নেতৃত্বের ভূমিকা নিয়েও কথা বলবেন সিফাত।
এ বিষয়ে সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শহিদদের আত্মত্যাগ বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
তিনি বলেন, শহিদ আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিম, ফেনীর সাইদুল ইসলাম শাহী, শ্রাবণ, ইকরাম এবং সীতাকুণ্ডের আব্দুল্লাহ আল রাসেলের কথাও বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।
তাদের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সফরকালে দক্ষিণ কোরিয়ায় এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সিফাত।
সিউলে অনুষ্ঠিত বিশেষ ওই সভায় উপস্থিত থাকবেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদও।
১৯৮০ সালের গোয়াংজু অভ্যুত্থানের শহিদদের স্মরণে ‘মে ১৮ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়।
প্রতি বছর গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক আন্দোলন নিয়ে এই আন্তর্জাতিক ফোরামের আয়োজন করা হয়।