সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
ঈদের আইনশৃঙ্খলা নিয়ে মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেওয়ার অনুরোধও করেন তিনি।
আরও পড়ুন: পশুর হাট ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা |
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে।
তিনি বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।
সালাহউদ্দিন আহমদ জানান, পশুর হাট ১৫টা হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় আর ১১টা হবে দক্ষিণ সিটি করপোরেশনে।
এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।