বাসস
প্রকাশ : ১২ মে ২০২৬ ১৬:২৪ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: বাসস
সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে যাত্রা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন। সেখান থেকে তিনি মরক্কোর উদ্দেশে রওনা দেবেন। মরক্কোয় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স অন পিসকিপিং’ (শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন)-এ তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এই সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ২২ মে প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।