লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৪:১০ পিএম
আপডেট : ১১ মে ২০২৬ ১৪:১১ পিএম
লালমনিরহাটে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন।
ওই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
জেলা স্টেডিয়াম মাঠে সোমবার বেলা ১১টায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে এক হাজার কর্মী নিয়োগের চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে সাংবাদিকদের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে বেকারত্ব বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান তিনি।
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।
রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে দেশটিকে প্রকল্পের অর্থায়ন ও কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরেও এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।