প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৯:৫৮ পিএম
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত “তুর্কিস রোড টু কপ-৩১: রেজিলেন্ট সিটিস” আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: বাসস
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও প্রয়োজন অনুযায়ী বৈশ্বিক আর্থিক সহায়তা পাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত “তুর্কিস রোড টু কপ-৩১: রেজিলেন্ট সিটিস” আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে শনিবার তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। বন উজাড়, দ্রুত নগরায়ণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের পরিবেশ ও জনজীবন ক্রমেই হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ আসন্ন কপ-৩১ সম্মেলনে একটি বিশেষ এজেন্ডা উপস্থাপন করবে, যাতে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টোর সঙ্গে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম দ্বিপাক্ষিক বৈঠক করেন।
পরবর্তীতে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গাম্বিয়ার মন্ত্রী রোহায় জন মানজং, সিরিয়ার মন্ত্রী মোহাম্মদ আঞ্জরানি, তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হামবার্তু লোপেজ।