প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৭:২৬ পিএম
পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় শেষে শনিবার সাংবাদিকদের সামনে কথা বলেন শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়, স্থানীয় অর্থনীতি সচল থাকে বলে মন্তব্য করেছেন শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় শেষে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, “একটি মিল সচল থাকলে কর্মসংস্থান তৈরি হয়, সরকারের রাজস্ব আয় বাড়ে, স্থানীয় অর্থনীতি সচল হয় এবং প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধের পথ তৈরি হয়। তাই আমরা চাই এসব প্রতিষ্ঠান আবার উৎপাদনে ফিরুক।”
তিনি বলেন, “শুধু এই চিনিকল নয়, দেশের সব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করাই সরকারের লক্ষ্য।” তিনি জানান, বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে এবং আরও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হচ্ছে।
এসময় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, মিলের কর্মকর্তাবৃন্দ, আখচাষী প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।