ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৬ ২৩:০১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেশবিরোধী বাণিজ্য চুক্তির অভিযোগ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেশবিরোধী বাণিজ্য চুক্তির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
ঢাবির টিএসসি থেকে শুক্রবার সন্ধ্যা ৭টায় মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো, দেশবিরোধী চুক্তি, বাতিল করো–করতে হবে, বিধ্বংসী বাণিজ্য চুক্তি, বাতিল করো করতে হবে, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে সংহতি জানিয়ে ডা. হারুনুর রশিদ এই চুক্তিকে গোলামের চুক্তি উল্লেখ করে বলেন, এই চুক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আমাদের বিজয়ী হতে হবে। নতুবা আমরা আবার গোলামীর পিঞ্জরে আবদ্ধ হয়ে যাব।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যে এমন কি মধু যে আপনারা তাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন। বিড়ার চেয়ারম্যান আশিক চৌধুরীকে এখনো স্বপদে বহাল রাখলেন। এর মাধ্যমে আমাদের মনে হচ্ছে, আপনারা এ চুক্তি কার্যকর করতে চান।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, এই বাণিজ্য চুক্তি হলো বেকারত্বের চুক্তি। এই চুক্তি হলো নিত্য পণ্যের দাম বাড়ানোর চুক্তি। এই চুক্তি হলো শ্রমিক ভাইদের চাকরি হারানোর চুক্তি। এই চুক্তি এ দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষের বিরুদ্ধের চুক্তি।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে তাদের এমপি-মন্ত্রীরা বলতেন ভারতের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমেরিকার সাথে এই সরকারের কি ধরনের সম্পর্ক তা আমরা এখনো জানিনা। আজকে বাণিজ্যমন্ত্রী বললেন কোন চুক্তি নাকি হুট করে বাতিল করা যায় না। আমরা মন্ত্রীকে বলতে চাই, এই চুপ থেকে আপনার বিয়ের কাবিন যে বাতিল করা যাবে না?
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে আপনারা অবিলম্বে এই দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন। এদেশের খেটে খাওয়া মানুষের সাথে বেইমানি করবেন না।