প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবার পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে বৃহস্পতিবার সকালে এবং দুপুরে অনুষ্ঠিত এসব সাক্ষাতে দুর্নীতিবিরোধী কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা এবং ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
দুর্নীতিবিরোধী উদ্যোগ নিয়ে টিআইবির আলোচনা
দুপুরে অনুষ্ঠিত বৈঠকে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রধানমন্ত্রীর সঙ্গে সুশাসন ও দুর্নীতিবিরোধী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশকে দুর্নীতিমুক্ত করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তার সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সুশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারে সরকারকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছে টিআইবি এবং প্রধানমন্ত্রী সেগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
তিনি বলেন, “বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন জরুরি এ বিষয়ে তারা পরামর্শ দিয়েছে“।
টিআইবি প্রধান আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে এশিয়ায় মালয়েশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া এই আয়োজন করেছে। বাংলাদেশও ২০২৮ সালের সম্মেলন আয়োজনের জন্য উপযুক্ত সময় বলে তারা মনে করছেন”।
ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা
এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।
সচিবালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।
বৈঠকে সারা দেশে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক কাজে এর ব্যবহার নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বাংলাদেশ ওয়াকফ প্রশাসন দেশের বিভিন্ন ওয়াকফ সম্পত্তির সংরক্ষণ ও জনসেবামূলক ব্যবহারে কাজ করে যাচ্ছে।