× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র হত্যা মামলার আসামি মাহবুবকে ফেনীর এসপি হিসেবে পদায়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ২২:৫৫ পিএম

পুলিশ সুপারের কার্যালয়, ফেনী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পুলিশ সুপারের কার্যালয়, ফেনী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গুম, অপহরণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত সিএমপি পশ্চিমের ডিসিকে (ডিবি) ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

দেশের ১২টি জেলায় এসপি পদে রদবদলের অংশ হিসেবে মঙ্গলবার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীতে দায়িত্ব দেওয়া হয়। 

অভিযোগ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি গুম ও অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। সাবেক এক ছাত্রদল নেতার দুই ভাইকে গুমের অভিযোগে তার নাম উঠে আসে। ভুক্তভোগীদের আর ফিরে পাওয়া যায়নি বলেও পরিবারের দাবি। এ ঘটনায় মামলা চলমান রয়েছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। সে সময় আন্দোলন দমনে কঠোর অবস্থান নেওয়া এবং প্রাণঘাতী সহিংসতার নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা দায়ের হয়। এর মধ্যে একটি মামলা থেকে তার নাম বাদ পড়লেও বাকি দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে রয়েছেন।

মাহবুব আলম খান ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন এবং সে সময় বিরোধী দল দমনে কঠোর ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। একই সময়ে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেন।

বর্তমানে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে রয়েছে—শিবগঞ্জ থানার মামলা নং ২৫ (১৩ সেপ্টেম্বর ২০২৪), যেখানে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৬৪, ৩০২ ধারাসহ একাধিক ধারা উল্লেখ আছে। মামলা নং ৫৪ (২০ অক্টোবর ২০২৪), যা হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের; এবং সিআর মামলা নং ৯০৪/২৪ (শিবগঞ্জ)। 

এই নিয়োগের পর একদিকে ভুক্তভোগী পরিবারগুলো তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে, অন্যদিকে এমন একজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব দেওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। প্রশাসনিক স্বচ্ছতা এবং বর্তমান সরকারের অবস্থান নিয়েও সমালোচনা দেখা দিয়েছে। 

এ বিষয়ে তার বক্তব্য জানতে গতকাল রাতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। 

এদিকে ফেনীর মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল জেলায় এ ধরনের বিতর্কিত নিয়োগ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা