লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬ ২২:৩৩ পিএম
বুড়িমারী সীমান্তে মঙ্গলবার দুপুরে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তের মেইন পিলার ৮৪১/৮ এস সংলগ্ন বাংলাদেশের প্রায় ১০–২০ গজ অভ্যন্তরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ড্রোনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের বিএসএফ সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও ধারণ করছিল। এ সময় সীমান্তের পাশে জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিকট শব্দে ভুট্টা ক্ষেতে পড়ে যায়।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দ্রুত বিজিবিকে জানান। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
সীমান্তবর্তী স্থানীয়দের অভিযোগ, ড্রোনটি বাংলাদেশের ভেতরে পড়ে গেলেও বিএসএফ সদস্যরা তা অস্বীকার করে সীমান্ত এলাকায় টহল জোরদার করে এবং ড্রোনটি উদ্ধারের চেষ্টা চালায়। এতে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, উদ্ধার হওয়া ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তে এ ধরনের ঘটনা ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে, তাই বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বিজিবি।