বাসস
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৮:৫৮ পিএম
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস
আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি— আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার’।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার চার দিনব্যাপী চলমান জেলা প্রশাসক সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা পর্বের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকরা কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শগুলো গ্রহণ করেছি।
‘আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি— স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা হচ্ছে বেসিক তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র শক্তিশালী হবে’।
তিনি বলেন, ‘আমরা তাদের আরেকটা কথা বলার চেষ্টা করেছি যে, জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। আমাদের সরকারের বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা দায়িত্বে রয়েছেন, তারা সেই কাজগুলো বাস্তবায়ন করবেন’।
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে— জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ, জনগণই হচ্ছে এই দেশের মালিক’।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গত দুই বছর আমরা দেখেছি যে, স্থানীয় পর্যায়ে যেসব রাস্তাঘাট আছে, অবকাঠামো আছে— সেসবের সংস্কারের প্রতি নজর দেওয়া হয়নি’।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার কিন্তু শুধু রাস্তাঘাট সংস্কারের কাজ করে না। স্থানীয় সরকারকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হয়, প্রাইমারি স্কুলে শিক্ষার উন্নয়নে কাজ করতে হয়। এসব কাজ সামগ্রিকভাবে স্থানীয় সরকারকেই করতে হয়’।