ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: সংগৃহীত
অন্তবর্তীকালীন সরকারের সময়ে মাঠে থাকাকালে সেনা সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব পালনকালে অনেক সেনা সদস্য দুই দিনেও ঘুমানোর সুযোগ পাননি।
প্রেস বিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান যে, দীর্ঘ সময় সেনা সদস্যরা প্রতিরক্ষার দায়িত্বে দায়িত্ব পালন করেছে। এই সময়ে মাঠ সেনাদের দায়িত্বে ঘাটতি ছিলো কীনা? এ বিষয়ে জেলা প্রশাসকরা কি বলেছেন?
সাংবাদিকের ওই প্রশ্নের জবাবে ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে এই বাহিনীতে যোগদান করেছেন। এরা ফজরের নামাজ থেকে শুরু করে সারা রাত জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। অনেক সেনা সদস্য রাতে ঘুমানোর সুযোগ পাননি। দুইদিন পর হয়তো রাতে একটু ঘুমাতে পেরেছেন কেউ কেউ।”
তিনি আরও বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা এমনভাবে দায়িত্ব পালন করে গেছেন যে, সবাই তাদের প্রশংসা করেছেন। আজকের সভায় প্রায় প্রত্যেক জেলা প্রশাসক সেনা সদস্যদের অক্লান্ত পরিশ্রমের প্রসংশা করেছেন। একইসঙ্গে বাহিনীর প্রধান এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন।”