প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১২:০১ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬ ১২:০১ পিএম
ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনীকে জনমূখী করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, “আজকে জেলা প্রশাসকদের নিয়ে সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের বাহিনীর প্রধানগণের যে চাওয়া, কর্মপদ্ধতি পরিকল্পনাসহ আনুসাঙ্গিক বিষয় নিয়ে জেলা প্রশাসকদেরকে অবহিত করা হয়েছে।”
উপদেষ্টা বলেন, “আমাদের সরকার যে দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জনমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে অবস্থান থাকার কথা সেই দিকনির্দেশনা আমরা দিয়েছি। সেখানে আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দর্শন ছিল সে বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আমাদের জেলা প্রশাসকদের কি ধরনের ভূমিকা থাকা উচিত সে বিষয়েও আলোচনা করেছি।”
তিনি বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো ছিল- যে পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি, এই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা থাকতে পারে সে বিষয় আলোচনা করেছি।”
শামছুল ইসলাম বলেন, “নির্বাচনে সেনাবাহিনী, জেলা প্রশাসক এবং সিভিল এডমিনিস্ট্রেশনের যে রোল ও হারমনিতে কাজ করেছে সেই হারমনি আরও কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয় আলোচনা হয়েছে। পারস্পারিক আস্থা ও বিশ্বাস কিভাবে আরও বৃদ্ধি করা যায় এ বিষয় আমরা আলোচনা করেছি। সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রীর যে দিকনির্দেশনা ছিল- বিশেষ করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদের জানা উচিত সে বিষয়গুলো সম্পর্কে আমরা তাদের অবহিত করেছি। সামগ্রিকভাবে এটা একটি ফলপ্রসূ আলোচনা পর্ব ছিল।”
“জেলা প্রশাসকদের স্বতফূর্ত অংশগ্রহণ আমাদের বিমোহিত করেছে। আমরা আশা করি যে সহায়তার প্রতিশ্রুতি তারা দিয়েছে সেই প্রতিশ্রুতির মধ্যে দিয়ে কাঙ্খিত বাংলাদেশ ও সশস্ত্র বাহিনীর প্রত্যাশা ইনশাআল্লাহ পূরণ হবে”- যোগ করেন তিনি।