প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। ছবি: বাসস/পিএমও
দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সোমবার তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং সেগুলো পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।