প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৪:৫৪ পিএম
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার ঢাকার সার্কিট হাউজে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্ত্যব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস
দেশের গণমাধ্যম খাতে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিগগিরই গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, এই কমিশনের মাধ্যমে গণমাধ্যম কার্যক্রম একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আসবে এবং সাংবাদিকদের প্রতি নীতিগত সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার ঢাকার সার্কিট হাউজে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন তিনি।
অনুষ্ঠানের আগে অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন কমপ্লেক্স পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা।
আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও অ্যাটকোর মহাসচিব আব্দুস সালাম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবীর এবং নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করবে সরকার
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিশ্ব প্রেক্ষাপটে সাংবাদিকতা এখন বড় চ্যালেঞ্জের মুখে, যা বাংলাদেশেও বিদ্যমান।
অতীতে গণমাধ্যমকে প্রতিপক্ষ হিসেবে দেখার প্রবণতা ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করতে চায়।
তিনি আরও বলেন, অপরাধে জড়িত নন—এমন সাংবাদিকদের জামিন পাওয়া নাগরিক অধিকার এবং সরকার সে বিষয়ে সহায়ক ভূমিকা রাখবে।
ফ্যাক্ট-চেকিংয়ের ওপর গুরুত্বারোপ
ডিজিটাল যুগে সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ইতিবাচক ও নেতিবাচক উভয় তথ্য মুহূর্তেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী ফ্যাক্ট-চেকিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল যাচাই-বাছাই ব্যবস্থা থাকা প্রয়োজন, যাতে ভুল তথ্য প্রচার রোধ করা যায়।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না; বরং একটি স্বাধীন ও দায়িত্বশীল কাঠামোর মধ্যে পরিচালিত করতে চায়
তিনি উল্লেখ করেন, ‘কন্ট্রোল’ এবং ‘কমিশন’ এক নয়, বরং কমিশনের মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, দেশে পত্রিকার প্রচারসংখ্যা নির্ধারণ বা টেলিভিশনের টিআরপি পরিমাপের ক্ষেত্রে সুনির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতির অভাব রয়েছে।
ডিজিটাল যুগে এসব তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করা সম্ভব হলেও এখনও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। এসব সমস্যার সমাধানে সরকার কৌশলগত নীতিমালা গ্রহণ করবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, গণমাধ্যম কমিশন গঠন না হওয়া পর্যন্ত কিছু জরুরি পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। পাশাপাশি মানহানি সংক্রান্ত মামলাগুলো প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তির জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
‘বর্তমানে গণমাধ্যমের ওপর সরাসরি সরকারি চাপ নেই’
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারা অধিকারের বিষয়ে সচেতনতার কথা তুলে ধরেছেন। তবে সাংবাদিকদের নিবন্ধন ও তালিকাভুক্তির জন্য নির্দিষ্ট আইন না থাকায় একটি শূন্যতা রয়েছে।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর সরাসরি সরকারি চাপ নেই। তবে অতীতে একটি সংবাদ প্রকাশের কারণে তাকে আড়াই বছর বিনা জামিনে আটক থাকতে হয়েছে।
তিনি আরও বলেন, দেশে প্রায় ৪০টি টেলিভিশন চ্যানেল থাকলেও অধিকাংশই আর্থিক সংকটে রয়েছে।
‘সেলফ-সেন্সরশিপে ভোগেন সাংবাদিকরা’
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সত্য বলা কঠিন। কেননা সত্য কেউ লেখতে পারে না, বলতেও পারে না। এক লাইনের লেখাতে আমাদের জীবন শেষ হয়ে যায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চান। বিগত সরকার আমাকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার জন্য তার প্রেস কনফারেন্সে যাওয়ার চিঠি দেয়নি।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রে সাংবাদিকরা সেলফ-সেন্সরশিপে ভোগেন। একই সঙ্গে তিনি বন্দি সাংবাদিকদের বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।