নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৩:৫৭ পিএম
আপডেট : ০৩ মে ২০২৬ ১৪:০৫ পিএম
শিশুর আবদারে প্রটোকল ভেঙে দৃষ্টান্ত স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের। ছবি: ভিডিও থেকে
শিশুর আবদারে সাড়া দিয়ে গাড়িবহর থামিয়ে তাকে বুকে জড়িয়ে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট থেকে ঢাকা ফেরার পথে শনিবার ঘটে যাওয়া এ ঘটনাটি রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবহর যাওয়ার সময় এক শিশু সামনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কান্না শুরু করে।
বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রটোকল ভেঙে গাড়িবহর থামিয়ে শিশুটিকে নিজের গাড়িতে তুলে নেন।
পরে তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন এবং মাথায় হাত বুলিয়ে তার কান্না থামান। এরপর শিশুটির সঙ্গে ছবি ও সেলফি তোলেন।
এ সময় শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট তুলে দেয়।
চিরকুটে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামের পাশে ভালোবাসার প্রতীক আঁকা ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম আবদুল্লাহ আল মামুন। সে নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে এবং সিলেট শাহজালাল প্রি-ক্যাডেট স্কুল-এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বর্তমানে সে সিলেট সিটি করপোরেশন ৬ নম্বর ওয়ার্ড-এর চৌকীদিঘি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছে।
শিশুটির বাবা বোরহান উদ্দিন মোবাইল ফোনে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর এমন মানবিক আচরণে তিনি কৃতজ্ঞ।
তার সন্তানের প্রতি প্রদর্শিত ভালোবাসা তাকে একজন বাবা হিসেবে গর্বিত করেছে বলেও প্রতিবেদককে বলেন তিনি।