× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ১৭:০৩ পিএম

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। সময়ের ব্যবধানে খালটি ভরাট হয়ে কার্যত বন্ধ হয়ে গেছে। এটি পুনরায় খননের মাধ্যমে কৃষি উৎপাদন ও পানিসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, খালটি পুনঃখনন করা হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি, এবং দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন। খালের দুই পাশের জমিতে অতিরিক্ত প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বাসিয়া নয়, সারাদেশে এ ধরনের খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের প্রায় ৬০টি স্থানে খাল খনন কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ৪০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মধ্যে ২৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ কাজ সম্পন্ন করতে দুইটি শুকনো মৌসুম লাগবে। চলতি বর্ষা শেষে আগামী নভেম্বর থেকে আবারও কাজ শুরু হবে, এবং আগামী বছরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে।

খাল পুনঃখননের পাশাপাশি দুই পাড়ে ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এতে পরিবেশ সংরক্ষণ, খাল রক্ষা এবং স্থানীয়দের জন্য বসার জায়গা তৈরি হবে।

কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ঋণ, সার, বীজ ও কীটনাশক সুবিধা সরাসরি দেওয়া হবে। পাশাপাশি কৃষকরা বছরে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। “কাজ কম নয়, কথা কম—কাজ বেশি” এই নীতিতে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে এসব শিল্প প্রতিষ্ঠান চালু করা হবে। একইসঙ্গে দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাসিয়া নদীর খালটি সুরমা ও কুশিয়ারা নদীর সংযোগকারী হিসেবে গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় অবস্থায় ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয় এ পুনঃখনন প্রকল্প হাতে নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা