প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬ ১২:৩৯ পিএম
আপডেট : ০২ মে ২০২৬ ১৩:১৩ পিএম
প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভুয়া আমদানি অনুমতিপত্র নিয়ে সতর্কতা জারে করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট) প্রচারিত হচ্ছে। বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
ওই নথির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, উক্ত অনুমতিপত্রটি তাদের দ্বারা ইস্যুকৃত নয়।
এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরসমূহও যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না বলেও জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে যাচাই ছাড়া কোনো নথি শেয়ার বা প্রচার না করার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
সঠিক তথ্যের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও সরকারি নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।