প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মে ২০২৬ ১০:৫০ এএম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান। ছবি: পিএমও
জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে অদম্য অঙ্গীকার নিয়ে পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকাল সকাল ৯টা ৫৮ মিনিটে অবতরণ করেন তিনি।
এর আগে সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
সফরসূচি অনুযায়ী, শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।
এছাড়া নগরীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে, বাসিয়া খাল খনন কর্মসূচি ও বিকালে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এই প্রথম সিলেট সফর ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।