প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬ ২১:১০ পিএম
আপডেট : ০১ মে ২০২৬ ২১:২১ পিএম
উজানের ঢল ও বৃষ্টিতে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে গেছে ফসল। ধান কেটে নৌকায় করে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হাওরাঞ্চলের ৬ জেলায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রম রবিবার থেকে শুরু করবে সরকার।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ৬ জেলা- নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এর কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তার জন্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে চাল সংগ্রহের পূর্ব নির্ধারিত তারিখ ১৫ মে থেকে এগিয়ে এনে আগামী ৩ মে থেকে হাওর অঞ্চলের কৃষকদের নিকট হতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।
অন্যদিকে, দেশের অন্যান্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার।
এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।