× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজুদ সয়াবিন বিক্রি হচ্ছে বাড়তি দামে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৬ ১১:৩৯ এএম

বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলে এক লিটারের দাম ১৯৫ টাকা লেখা থাকলেও বিক্রি করা হচ্ছে ২০০ টাকায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলে এক লিটারের দাম ১৯৫ টাকা লেখা থাকলেও বিক্রি করা হচ্ছে ২০০ টাকায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশে ভোজ্য তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। আগের দামে কেনা সয়াবিন তেল এখন খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এতে ভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বাজার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকায় নির্ধারণ করেছে সরকার। গত বুধবার থেকেই বাড়তি দাম কার্যকর হয়েছে। দুই মাসেরও বেশি সময় ধরে দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে।

গত সপ্তাহে ঢাকার বিভিন্ন বাজারে অল্পসংখ্যক দোকানে বোতলজাত সয়াবিন মিললেও তখন গায়ের দামেই বিক্রি হতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার অবশ্য পাল্টে গেছে সেই চিত্র। বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলে এক লিটারের দাম ১৯৫ টাকা লেখা থাকলেও বিক্রি করা হচ্ছে ২০০ টাকায়। তবে সুপারশপগুলোতে পুরনো দামেই বিক্রি হতে দেখা গেছে। গতকাল সকালে ঢাকার শান্তিনগর, মালিবাগ, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে পুরনো বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধির এমন চিত্র দেখা গেছে।

সয়াবিন তেলের চলমান সংকট অবশ্য দুয়েক দিনের নয়। ঈদুল ফিতরের আগে থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে দোকানগুলোতে সয়াবিন তেলের সরবরাহে চরম সংকট দেখা যায়। সুপারশপগুলো থেকেও একপর্যায়ে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে যায়। কয়েক দিন ধরে অবশ্য সুপারশপগুলোতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। তবে অনেক মুদি দোকানে এখনও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি।

গতকাল ঢাকার শান্তিনগর এলাকায় ৫-৬টি দোকান ঘুরে মাত্র তিনটিতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। প্রায় দোকানেই নির্দিষ্ট একটি ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন লক্ষ করা গেছে। দুই মাস আগে এসব দোকানে কয়েকটি ব্র্যান্ডের সরবরাহ থাকত। তীর, রূপচাঁদা, পিওর ও স্টারশিপ ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে। তবে মেঘনা গ্রুপের ফ্রেশসহ পরিচিত অনেকগুলো ব্র্যান্ডের তেল খুঁজে পাওয়া যায়নি।

শান্তিনগর বাজারের বিক্রেতা সালাম শেখ জানান, দুই দিন আগে তীর ব্র্যান্ডের কিছু বোতলজাত সয়াবিন এনেছেন তিনি। এখন সরকার নির্ধারিত ১৯৯ টাকা দামে বিক্রি করছেন। নতুন দাম কার্যকর হওয়ায় দাম বাড়িয়েছেন তারা। সয়াবিনের উৎপাদক ব্র্যান্ডগুলো দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। এখন যেহেতু দাম বেড়েছে, সেহেতু আশা করা যায় দুই-তিন দিনের মধ্যে বোতলজাত সয়াবিনের বাজার স্বাভাবিক হয়ে আসবে। তিনি আরও বলেন, আগে চার কার্টন সয়াবিন তেল অর্ডার দিলে কোম্পানি দিত এক বা দুই কার্টন। কিন্তু এখন দাম বেড়েছে। তাই কাল থেকে সব ঠিক হয়ে যাবে এবং আগের মতোই বাজারে তেল পাওয়া যাবে। 

মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজারে লোকমান নামের এক ক্রেতাকে বোতলজাত সয়াবিন বাড়তি দাম নেওয়ায় দোকানির সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। তীর ব্র্যান্ডের দুই লিটার সয়াবিন কিনেছেন তিনি। দোকানি তার থেকে রেখেছেন ৪০০ টাকা। অথচ বোতলে এখনও দাম নির্ধারিত রয়েছে ৩৯০ টাকা। অনেক তর্কাতর্কির পর একপর্যায়ে দোকানি তাকে ২ টাকা ফেরত দেন। তখন দোকানি বলেন, তাদেরকে ডিলার পর্যায়ে বোতলপ্রতি বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। তাই বেশি দামে বিক্রি করতে হয়। ক্রেতা বলেন, যে যার মনমতো দাম বসাবে, আর আমাদের সেই দামেই কিনতে হবেÑ এটা কেমন কথা। বোতলে লেখা এক দাম, বিক্রি আরেক দামে, দেশটা মগের মুল্লুক নাকি? সরকার কি এসব দেখে না?

দোকানিরা জানান, সরকার গত বুধবার দাম বাড়ালেও ডিলার পর্যায়ে ব্র্যান্ডগুলো অনেক আগেই বাড়িয়েছে। তারা বাড়তি দামে কিনে এনেছেন, তাই বোতলের দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা