প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৩ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ১৭:৩০ পিএম
মৌলভীবাজার জেলার মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফাইল ছবি
দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের ৪টি নদীর পানি প্রাকমৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র।
বুধবার সকাল ৯টার পূর্বাভাসে জানানো হয়, নেত্রকোনা জেলার ভুগাই কংশ নদী প্রাকমৌসুমী বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, সোমেশ্বরী নদী প্রাকমৌসুমী বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে, মগরা নদী প্রাকমৌসুমী বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং মৌলভীবাজার জেলার মনু নদী প্রাকমৌসুমী বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে হালকা, মাঝারি, মাঝারি ভারী ও অতি ভারী বৃষ্টি হচ্ছে। তা ছাড়া দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়ে। হঠাৎ করেই নামে হালকা বৃষ্টি। ধীরে ধীরে তা শুরু হয় প্রবলভাবে। সকালর কাজে বের হওয়া মানুষের জন্য এটি হয়ে ওঠে বড় ধরনের ভোগান্তির কারণ। অনেকে ভিজেই গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন, সড়কে গতি কমে যায় যানবাহনের এবং বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসগামী, শিক্ষার্থী এবং দিনমজুরসহ নানা পেশার মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের আজকের এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বার স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ সতর্ক সংকেত জারি থাকা অবস্থায় সাগরে মাছ ধরা সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।
তা ছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা, ময়মনসিংহ, সিলেট খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।