দেড় মাসে ২৬৪ প্রাণহানি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৯:০০ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ১৯:০১ পিএম
প্রতীকী ছবি
দেশে হামের সংক্রমণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম এবং হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন সন্দেহভাজন এবং ৯০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৫ শিশুর মধ্যে ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৪ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এই সময়ে ১ হাজার ৩৫৮ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ১ হাজার ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ জনে।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত দেড় মাসে (১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল) দেশে নিশ্চিত হামে ৪৪ জন এবং হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে ২২০ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, এই সময়ে মোট ২৬৪ জন শিশু প্রাণ হারাল।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এ নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮ জন।
হামের সংক্রমণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এই বিভাগেই ৬৫৯ জন শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ জন প্রাণ হারিয়েছে। ঢাকা বিভাগে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৬ জন।
অন্যান্য বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে রাজশাহীতে ১৮ জন, ময়মনসিংহে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং সিলেটে ১ জন। অন্যদিকে, সন্দেহভাজন রোগীর তালিকায় ঢাকার পরেই রয়েছে চট্টগ্রাম ২১০ জন, রাজশাহী ১৯৩ জন, বরিশাল ১১৬ জন, খুলনা ৭৬ জন, রংপুর ৪৩ জন, সিলেট ৪৩ জন এবং ময়মনসিংহ ১৮ জন।