প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৬:৫০ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ২০:৫৫ পিএম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ইউএনবি/ফাইল ফটো
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সোমবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া সতর্কবার্তার পর বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরগুলো এমনিতেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে পরিচালিত হয়, তবে নতুন বার্তার পর নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত জোর দেওয়া হয়েছে। এটিকে তিনি নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই উল্লেখ করেন।
গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার চেষ্টা করতে পারে। যদিও ওই বার্তায় কোনো নির্দিষ্ট সংগঠনের নাম উল্লেখ করা হয়নি, তবে সম্প্রতি ওই সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী, যিনি আবু বক্কর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত, তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
বর্তমানে বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এবং পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর চালু রয়েছে। এসব বিমানবন্দরে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি ইউনিট (এভসেক) ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অন্যান্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নিরাপত্তা দায়িত্ব পালন করে থাকে।