প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ২৩:০৩ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ১২:১৫ পিএম
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সভায় আসছেন প্রতিনিধিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভবনে ঢুকতেই মেঝেজুড়ে লাল গালিচা। প্রস্তুত দৃষ্টিনন্দন এলইডি, লেজার ও ওয়াল লাইট। অতিথিদের জন্য সুবিন্যস্ত আসন। মাদুরে মোড়ানো প্রতিটি চেয়ার যেন প্রহর গুনছে সংবাদকর্মীদের আগমনের। চারদিকে শোভা পাচ্ছে ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার ব্যানার-ফেস্টুন। সারা দিনের ক্লান্তি ভুলে একদল দক্ষ কর্মী দিন-রাত একাকার করে কাজ করে যাচ্ছেন। চারপাশের এ বিশাল কর্মযজ্ঞ যেন ‘আকাশ ছোঁয়ার স্বপ্ন বুকে নিয়ে কাজ করে যাওয়া’ একঝাঁক স্বপ্ন বুননকারীর নিরলস প্রচেষ্টা। বলছিলাম দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সভার প্রস্তুতির কথা।
‘বুক তার বাংলাদেশের হৃদয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়াভিত্তিক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ থেকে পত্রিকাটি এরই মধ্যে স্থান করে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের তালিকায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে পত্রিকাটির প্রধান কার্যালয়ে একঝাঁক উদ্যমী সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটির সভাপতিত্বে থাকবেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, যেখানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক-এমডি ও পত্রিকাটির প্রকাশক কাউসার আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু ও পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা।
শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন প্রতিনিধিরা। সকাল ৯টার মধ্যে প্রতিদিনের বাংলাদেশের অফিস প্রতিনিধিদের মিলনমেলায় রূপ নেয়।

দিনব্যাপী এ আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী বক্তব্য দেবেন প্রতিদিনের বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা। এরপর শুভেচ্ছা বক্তব্য দেবেন রংধনু গ্রুপের হেড অব মিডিয়া সাইফুল ইসলাম। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রংধনু গ্রুপের এমডি ও প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক কাউসার আহমেদ অপু। বিশেষ অতিথির বক্তব্য দেবেন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন সম্পাদক মারুফ কামাল খান।
সব আয়োজন সম্পন্ন হয়েছে সুচারুভাবে। এখন অপেক্ষা অতিথিদের। সারা দেশ থেকে আগত সংবাদকর্মী ও অংশীদারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠবে অত্যন্ত প্রাণবন্ত, এমনটিই আশা প্রতিদিনের বাংলাদেশ পরিবারের।