বিবিসি বাংলা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ১৬:৫২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ১৬:৫২ পিএম
কালবৈশাখী ঝড়। ছবি: বিবিসি বাংলা
সারাদেশে যখন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশের তিন বিভাগে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই দুই বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে দেশের বড় একটি অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগসহ ফরিদপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, পাবনা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।