বাসস
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৮:০৮ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসর (বায়রা) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব জনাব মোহাম্মদ বদরুল হক। সরকারি এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হবে। সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে।
নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ বদরুল হক আগামী ২৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে দায়িত্ব নিবেন। প্রাথমিকভাবে তাকে ০৪ (চার) মাসের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব চলাকালীন তিনি সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বায়রা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নিবন্ধিত বাণিজ্য সংগঠন যা আন্তর্জাতিক জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত এজেন্সিগুলোর প্রতিনিধিত্ব করে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতেই সরকার এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।