প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৬:৩৫ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬ ১৬:৩৯ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত) ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে এবং সন্দেজনক হাম বা হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেজনক হামের উপসর্গ নিয়ে ৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১৯৪ জন, এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— গত ২৪ ঘন্টায় সন্দহজনক হামে বা হামের উপসর্গ নিয়ে যে ৪ জন মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। অন্যদিকে নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি ঢাকার বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৭০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৪৭ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১২৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন। যার মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৮ লহাজার ৮৪৫ জন। আর, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৯ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ১৫ হাজার ৭২৮ জন রোগী।