কুমিল্লা অফিস
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ২০:২৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ২০:৪৩ পিএম
দেবিদ্বার থানা। ফাইল ফটো
কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জহিরুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বুধবার দুপুরে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোবারক হোসেন ও তার ছেলে আশিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে দেবিদ্বার পৌর এলাকার ভিরাল্লা বাস স্টেশন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বুধবার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের অভিযোগ, জমি বেচাকেনার পাওনা টাকা আদায়ের কথা বলে বলিবাড়ী গ্রামের মোবারক, শাহীনসহ একদল যুবক জহিরুল ইসলামকে বাড়ি থেকে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে মারধর করে। পরে স্থানীয়রা জহিরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।