প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৭:১০ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
ডিআইজি পর্যায়ের পরিবর্তন
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই দপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, সারদা পুলিশ একাডেমি (বিপিএ) থেকে ডিআইজি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তা আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) নতুন চার ডিসি
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার এম,কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিবিআই-এর পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং এপিবিএন-এর পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।
অন্যান্য পদায়ন
বিপিএ সারদার পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএন-এর পুলিশ সুপার এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।